প্রতিদিনের জীবনের একটি সাধারণ কাজ—কাপড় ধোয়া।
তবে এই সাধারণ কাজই আমাদের জীবনকে পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও আরামদায়ক রাখতে বড় ভূমিকা রাখে। এই গুরুত্বকে সামনে রেখেই আজ বুধবার (১৫ এপ্রিল) পালিত হচ্ছে বিশ্ব ধোলাই দিবস।
অনেকের কাছে কাপড় ধোয়া বিরক্তিকর মনে হলেও এটি ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। পরিষ্কার পোশাক আমাদের শুধু স্বস্তিই দেয় না, বরং সুস্থ থাকার ক্ষেত্রেও সহায়ক। এ দিনটি পরিবারের সেই সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানানোরও একটি সুযোগ, যারা নিয়মিত এ দায়িত্ব পালন করেন।
ইতিহাস ঘেঁটে দেখা যায়, মানুষ পোশাক ব্যবহার শুরু করার পর থেকেই তা পরিষ্কার রাখার প্রয়োজনীয়তা অনুভব করে। প্রাচীন যুগে নদী, পুকুর বা কুয়ার পাশে দাঁড়িয়ে হাতে কাপড় ধোয়ার প্রচলন ছিল, যা ছিল কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ।
পরবর্তীতে ১৮৫১ সালে জেমস কিং ড্রামযুক্ত কাপড় ধোয়ার যন্ত্র উদ্ভাবন করেন। এরপর প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে কাপড় ধোয়ার পদ্ধতিতেও বড় পরিবর্তন আসে। বর্তমানে আধুনিক ওয়াশিং মেশিন ব্যবহারে কাজ অনেক সহজ হয়ে গেলেও এখনো এমন প্রযুক্তি তৈরি হয়নি, যা কাপড় ধুয়ে ভাঁজ করে গুছিয়ে রাখতে পারে।
২০১৯ সালে Whirlpool Corporation প্রথমবারের মতো এই দিবসের সূচনা করে। এর উদ্দেশ্য ছিল কাপড় ধোয়ার কাজের গুরুত্ব তুলে ধরা এবং যারা নিয়মিত এ দায়িত্ব পালন করেন তাদের প্রতি সম্মান জানানো।
ছোট মনে হলেও কাপড় ধোয়া আমাদের দৈনন্দিন জীবনে বড় প্রভাব ফেলে। এই দিবস সেই বাস্তবতাকেই নতুন করে মনে করিয়ে দেয়।
এসআর