[email protected] শুক্রবার, ১৫ মে ২০২৬
১ জ্যৈষ্ঠ ১৪৩৩

শাপলা চত্বর মামলায় দীপু মনি, মোজাম্মেল বাবু ও রূপাকে কারাগারে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মে ২০২৬ ৮:২৩ পিএম

সংগৃহীত ছবি

২০১৩ সালের মতিঝিলের শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৭ জুনের মধ্যে দাখিল করতে বলা হয়েছে।


পরে সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, শুধুমাত্র সংবাদ প্রকাশের কারণে কাউকে অভিযুক্ত করা হয়নি। তদন্তে পাওয়া অভিযোগ অনুযায়ী, তারা পরিকল্পনার বিষয়ে আগে থেকেই অবগত ছিলেন এবং ঘটনাপ্রবাহকে ভিন্নভাবে উপস্থাপনের মাধ্যমে প্রকৃত তথ্য আড়াল করার চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে।


তিনি আরও বলেন, তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সাংবাদিকদের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর মন্তব্য করেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি অপরাধ সংঘটনে সহযোগী ভূমিকা পালন করে, তবে তাদেরও আইনের আওতায় আসতে হতে পারে। তবে নির্দোষ কাউকে যেন হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়েও সতর্ক থাকার কথা জানান তিনি।


অন্যদিকে, মোজাম্মেল বাবুর আইনজীবী হামিদুল মিসবাহ বলেন, পেশাগত দায়িত্ব পালনের কারণে গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা অত্যন্ত বিরল ঘটনা। তিনি এটিকে উদ্বেগজনক নজির বলেও মন্তব্য করেন।


এর আগে ৭ মে প্রসিকিউশনের আবেদনের পর ট্রাইব্যুনাল দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে হাজির করার নির্দেশ দেন। সেই ধারাবাহিকতায় তাদের আদালতে তোলা হলে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়
মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক, সাবেক পুলিশ কর্মকর্তাসহ আরও কয়েকজন ব্যক্তি।


প্রসঙ্গত, ২০১৩ সালের মে মাসে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে মতিঝিলের শাপলা চত্বরে সহিংসতার ঘটনায় বিভিন্ন জেলায় অন্তত ৫৮ জন নিহত হওয়ার তথ্য তদন্তে উঠে এসেছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

এসআর

সম্পর্কিত খবর