আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার একটি স্বাধীন বিচার বিভাগ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিচারকদের বদলি, পদায়ন বা নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (৮ মে) খুলনায় আইনজীবীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বর্তমানে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দেশে আলোচনা চলছে। এ বিষয়ে সরকার ঐক্যবদ্ধভাবে কাজ করছে বলে প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন।
তবে কিছু বিষয়ে বিএনপি ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, অতীতের রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি থেকে দেশকে পুনরুদ্ধার করতে বহু মানুষকে আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে। এজন্য অনেকেই প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন এবং কারাভোগও করেছেন। এখন দেশের মানুষ একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রত্যাশা করে।
আইনজীবীদের উদ্দেশে মন্ত্রী বলেন, পেশাগত দক্ষতা ও নৈতিকতার উন্নয়ন ছাড়া ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব নয়। এ লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতায় দেশের বিভিন্ন জেলা বারে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
নবীন আইনজীবীদের উদ্দেশে তিনি আরও বলেন, বিচার বিভাগকে প্রভাবমুক্ত রাখতে হলে আইনজীবীদের সততা ও পেশাগত মান বজায় রাখতে হবে। একই সঙ্গে সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, সাধারণ মানুষ যাতে সহজে আইনি সেবা পায় এবং বিচার ব্যবস্থা আরও আধুনিক হয়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিচারপ্রার্থীরা যেন ন্যায়বিচার পান, সে পরিবেশ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে বার ও বেঞ্চের সম্পর্ক আরও কার্যকর ও আদর্শভিত্তিক হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য, বিচার বিভাগীয় কর্মকর্তা ও আইনজীবী নেতারা।
পরে আইনমন্ত্রী খুলনা জেলা জজ আদালতে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
এসআর