স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকার পুলিশ বাহিনীতে কোনো ধরনের দুর্নীতি বা শৃঙ্খলাভঙ্গ বরদাশত করবে না।
সোমবার (১১ মে) পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, পুলিশের কার্যক্রমে আরও স্বচ্ছতা আনতে বডিওর্ন ক্যামেরার ব্যবহার বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, তদন্ত, অভিযান ও ট্রাফিক ব্যবস্থাপনার মতো বিভিন্ন কাজে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে, যাতে কার্যক্রমের রেকর্ড সংরক্ষণ করা সম্ভব হয়।
মানবাধিকার রক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে তিনি বলেন, জাতিসংঘের নির্দেশনা অনুযায়ী সীমিত বলপ্রয়োগ বিষয়ে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
অপরাধ দমন ও তদন্ত কার্যক্রম পরিচালনার সময় মানবাধিকার যাতে ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
টুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ানোর কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা দেশের ভাবমূর্তির সঙ্গে জড়িত।
এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন তিনি।
তিনি আরও বলেন, আধুনিক বিশ্বে পুলিশিং শুধু অপরাধ নিয়ন্ত্রণের মধ্যে সীমাবদ্ধ নয়; জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনও গুরুত্বপূর্ণ দায়িত্ব।
ব্যক্তিগত সততা ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’।
এসআর