মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আয়োজিত 'জেলা প্রশাসক সম্মেলন-২০২৬' অনুষ্ঠানে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দেশের সকল বিভাগীয় কমিশনার ও
জেলা প্রশাসকদের (ডিসি) গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেছেন।
তিনি জেলা প্রশাসকদের সরকারের প্রতিচ্ছবি এবং নির্বাহী বিভাগ ও সাধারণ জনগণের মধ্যে এক কার্যকর সেতুবন্ধন হিসেবে অভিহিত করেন। অনুষ্ঠানে প্রধান বিচারপতি ডিসিদের প্রতি সর্বক্ষেত্রে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি সমাজ, রাষ্ট্র, সৃষ্টিকর্তা এবং নিজের বিবেকের কাছে থাকা দায়বদ্ধতাকে সর্বদা স্মরণে রাখার তাগিদ দেন।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব এবং রেজিস্ট্রার জেনারেলসহ উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাৎ ও দিক-নির্দেশনা প্রদান অনুষ্ঠানে তিনি কর্মকর্তাদের জনগণের সেবায় অর্পিত দায়িত্ব পালনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। সবশেষে তিনি কর্মকর্তাদের মনে করিয়ে দেন যে, সততা ও নিষ্ঠার সাথে কাজ করাই হবে রাষ্ট্রের প্রতি তাদের শ্রেষ্ঠ অবদান।
এসআর