নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে দায়ের হওয়া দুটি মামলায় জামিন সংক্রান্ত বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন হাইকোর্ট।
বুধবার শুনানি শেষে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশের দিন নির্ধারণ করেন।
এদিকে, আইভীর বিরুদ্ধে দায়ের হওয়া আরও পাঁচটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিনের বিষয়ে আগামী ৩ মে আপিল বিভাগে চূড়ান্ত আদেশ আসতে পারে বলে জানা গেছে। গত ২৭ এপ্রিল আপিল বিভাগ এ বিষয়ে শুনানির পর রোববার দিন ধার্য করেন।
মামলা সূত্রে জানা যায়, গত বছর ভোররাতে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। পরে একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বিভিন্ন ধাপে হাইকোর্ট তাকে কয়েকটি মামলায় জামিন দিলেও পরবর্তীতে সেসব জামিন আপিল বিভাগে স্থগিত করা হয়।
পরবর্তীতে নতুন করে আরও কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলে বিষয়টি নিয়ে আদালতে একাধিক শুনানি হয়।
আইভীর বিরুদ্ধে বিভিন্ন হত্যা ও হামলা সংক্রান্ত মামলা ছাড়াও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।
এর আগে হাইকোর্ট কয়েকটি মামলায় তার জামিন মঞ্জুর করলেও রাষ্ট্রপক্ষ তা চ্যালেঞ্জ করে আপিল বিভাগে আবেদন করে, যার প্রেক্ষিতে জামিন স্থগিত করা হয়।
বর্তমানে চলমান শুনানি ও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে মামলাগুলোর চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।
এসআর