জ্বালানি সাশ্রয় ও সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে ভার্চুয়াল পদ্ধতিতে বিচারিক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। কার্যক্রমের প্রথম দিন অর্থাৎ গত বুধবার (২২ এপ্রিল ২০২৬) আপিল ও হাইকোর্ট বিভাগ মিলে সর্বমোট ৭০৭টি
মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে এবং নিষ্পত্তি করা হয়েছে ১৭৭টি মামলা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
বিভাগওয়ারী তথ্যানুযায়ী, আপিল বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ৯৫টি মামলার শুনানি শেষে ২১টি নিষ্পত্তি করা হয়। অন্যদিকে, হাইকোর্ট বিভাগে ৬১২টি মামলার শুনানি শেষে নিষ্পত্তি করা হয় ১৫৬টি মামলা।
আদালতের তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন-২০২০ এবং সুপ্রিম কোর্টের প্র্যাকটিস নির্দেশনা অনুযায়ী এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার এই ভার্চুয়াল পদ্ধতিতে আদালত পরিচালিত হবে।
উল্লেখ্য, বর্তমান বৈশ্বিক সংকটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুনানির দৈনন্দিন কার্যতালিকা এবং ভার্চুয়াল মিটিং আইডি নিয়মিত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে।
এসআর