বিচার ব্যবস্থায় দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান।
তিনি বলেছেন, বিচার বিভাগের স্বচ্ছতা নিশ্চিত করতে যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির শিকড় উপড়ে ফেলা হবে।
শুক্রবার (২৪ এপ্রিল) যশোর জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন এবং এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে এবং এ ক্ষেত্রে মাসদার হোসেন মামলার উদাহরণও টানা হচ্ছে।
তবে তিনি স্পষ্ট করেন, অতীতের বিতর্কিত বা দুর্নীতিগ্রস্ত দৃষ্টান্ত অনুসরণ করে কোনো বিচারব্যবস্থা গড়ে তোলা হবে না।
বিএনপির সমালোচনার জবাবে তিনি বলেন, জুলাই সনদ, মানবাধিকার কমিশন, বিচার বিভাগের স্বাধীনতা ও বিচার বিভাগীয় সচিবালয় আইন নিয়ে যে প্রশ্ন তোলা হচ্ছে, সেগুলো যাচাই-বাছাই করেই সংসদে বিল আকারে উপস্থাপন করা হবে।
তিনি আরও উল্লেখ করেন, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক বিতর্ক থাকলেও এর কোনো সাংবিধানিক বা আইনি ভিত্তি নেই। ১৯৭৩ সালের পর রাষ্ট্রপতির এ ধরনের আদেশ দেওয়ার ক্ষমতা নেই বলেও মন্তব্য করেন তিনি।
যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে আয়োজিত সভায় আরও বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
এর আগে আইনমন্ত্রী যশোরে বিএনপির সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন এবং পুরাতন জেলা জজ আদালত পরিদর্শন করেন।
এসআর