দেশে হামের সংক্রমণ বাড়তে থাকায় শিক্ষার্থীদের সুরক্ষার স্বার্থে সব স্কুল-কলেজ সাময়িকভাবে বন্ধ রেখে অনলাইনে পাঠদান চালুর নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।
এ বিষয়ে সোমবার (২০ এপ্রিল) শুনানি হওয়ার কথা রয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীস রায়ের সমন্বয়ে গঠিত বেঞ্চে রোববার আবেদনটি উপস্থাপন করা হলে শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়।
এর আগে দেশে হামে শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ জানিয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট করা হয়। পাশাপাশি সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার আবেদনও জানানো হয়। গত ২ এপ্রিল এই রিট দায়ের করা হলেও অবকাশকালীন বেঞ্চ তা শুনতে আগ্রহ দেখায়নি।
আবেদনে উল্লেখ করা হয়, সময়মতো টিকাদান কার্যক্রমে ঘাটতি, টিকার সরবরাহ সংকট এবং স্বাস্থ্যসেবায় দুর্বলতা সংবিধানের মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। একই সঙ্গে হামের টিকা সংগ্রহে অনিয়মের অভিযোগ তদন্তের দাবিও তোলা হয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় হামের সংক্রমণ বাড়ছে বলে জানা গেছে। এ অবস্থায় শিক্ষার্থীদের ঝুঁকি কমাতে সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান স্থগিত রেখে বিকল্প হিসেবে অনলাইন বা ডিজিটাল মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালুর প্রস্তাব করা হয়েছে।
এদিকে শিশুদের জন্য দ্রুত হামের টিকা সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের এক আইনজীবী স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের উদ্দেশে এই নোটিশ দেন।
নোটিশে বলা হয়, টিকার অভাবে দেশের বিভিন্ন স্থানে শিশুরা আক্রান্ত হচ্ছে এবং চিকিৎসাধীন অবস্থায় ভোগান্তির শিকার হচ্ছে। বিষয়টি দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
এসআর