[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৩ বৈশাখ ১৪৩৩

সংসদে আইনমন্ত্রী

আওয়ামী লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬ ১:৪০ পিএম

সংগৃহীত ছবি

বিগত সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. মনোয়ার হোসেনের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, অতীতে রাজনৈতিক বিবেচনায় দায়ের করা মামলাগুলো নিয়ে বর্তমান সরকার সচেতন রয়েছে এবং এসব মামলা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে

। তিনি উল্লেখ করেন, এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এ ধরনের মামলা প্রত্যাহারের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির নীতিমালা অনুযায়ী হত্যা সংক্রান্ত মামলা প্রত্যাহারের আওতায় আনা হয়নি।


তিনি আরও জানান, গত ৫ মার্চ ২০২৬ তারিখে জেলা প্রশাসকের সমন্বয়ে চার সদস্যের একটি জেলা কমিটি গঠন করা হয়েছে, যার কাজ হচ্ছে হয়রানিমূলক রাজনৈতিক মামলা যাচাই করে সুপারিশ প্রদান করা।

এর ধারাবাহিকতায় ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কেন্দ্রীয় কমিটিও গঠন করা হয়। জেলা কমিটির সুপারিশগুলো পর্যালোচনা করে কেন্দ্রীয় কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে।


মন্ত্রী বলেন, সংসদ সদস্যসহ যেকোনো ব্যক্তি যদি মনে করেন তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা বা হয়রানিমূলক মামলা হয়েছে, তাহলে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন। আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট কমিটিগুলো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।


তিনি আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলার শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

এসআর

সম্পর্কিত খবর