[email protected] সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
২৯ চৈত্র ১৪৩২

১৬টি অধ্যাদেশে নেই কোনো অস্বচ্ছতা- আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬ ৭:০০ পিএম

জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগসহ ১৬টি অধ্যাদেশ নিয়ে আরও যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেছেন, এসব অধ্যাদেশ প্রক্রিয়ায় কোনো ধরনের অস্বচ্ছতা বা অস্পষ্টতা নেই।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় সংসদে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশ প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।


আইনমন্ত্রী জানান, মোট ১১০টি অধ্যাদেশ বিল আকারে সংসদে উপস্থাপন করা হয়েছে, যা ৯১টি বিলের মাধ্যমে পাস হয়েছে। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে প্রণীত আইনগুলোতে স্বচ্ছতা বজায় রাখা হয়েছে এবং যেগুলোতে আরও পর্যালোচনার প্রয়োজন রয়েছে, সেগুলো স্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে।


তিনি আরও জানান, ৯৭টি অধ্যাদেশ পূর্বের মতোই অনুমোদন পেয়েছে, ১৩টি সংশোধন করে পাস করা হয়েছে এবং ৭টি রহিতকরণ বিল হিসেবে আনা হয়েছে।

তবে বাকি ১৬টি অধ্যাদেশ এখনো সংসদে তোলা হয়নি।
আইনমন্ত্রী বলেন, রহিতকরণ বিলগুলোর ক্ষেত্রেও প্রস্তাবনায় সংশ্লিষ্ট কারণ উল্লেখ করা হয়েছে।

জাতীয় মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশগুলোর ক্ষেত্রে অংশীজনদের সঙ্গে আরও আলোচনা প্রয়োজন বলে বিলেই উল্লেখ রয়েছে।


তিনি বলেন, সংসদে কোনো বিল উপস্থাপন মানেই তা আইনি কাঠামোর অংশ হয়ে যায়- এমনকি রহিতকরণ বিলও আইনের অন্তর্ভুক্ত হয় এবং ভবিষ্যৎ পর্যালোচনার সুযোগ রেখে দেয়।


গুমবিষয়ক আইন প্রসঙ্গে তিনি বলেন, সংজ্ঞা ও বিচারপ্রক্রিয়া নিয়ে কিছু অস্পষ্টতা থাকায় ভবিষ্যতে জটিলতা তৈরি হতে পারে। একইভাবে মানবাধিকার কমিশন আইনের কিছু ধারা—বিশেষ করে তদন্ত, জরিমানা ও ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়—আরও স্পষ্ট করা প্রয়োজন।


এ বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী মে মাসের মাঝামাঝি সময়ে মানবাধিকার কমিশন আইন নিয়ে পরামর্শ সভা আয়োজন করা হতে পারে।


আইনমন্ত্রী অতীতের উদাহরণ তুলে ধরে বলেন, ২০০৭-০৯ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময়ে জারি হওয়া ১২২টি অধ্যাদেশের মধ্যে মাত্র ৫৪টি আইনে রূপ নিয়েছিল।

বর্তমান সরকার তুলনামূলকভাবে বেশি সংখ্যক অধ্যাদেশকে আইনে পরিণত করেছে বলেও তিনি দাবি করেন।


তিনি আরও বলেন, যেসব অধ্যাদেশ এখনো আইনে রূপ পায়নি, সেগুলো নিয়েও সরকারের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।


সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর