আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, গুম সংক্রান্ত পৃথক অধ্যাদেশ প্রণয়নের প্রয়োজন ছিল না।
বিদ্যমান ট্রাইব্যুনাল আইনের মধ্যেই এ ধরনের অপরাধের বিচার করার সুযোগ আগে থেকেই ছিল বলে তিনি মনে করেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) নিজের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি ব্যাখ্যা করে বলেন, গুমের মতো অপরাধ ট্রাইব্যুনালের আইনি কাঠামোর মধ্যেই অন্তর্ভুক্ত ছিল। তাই একই বিষয়ে আলাদা আইন বা বিশেষ ট্রাইব্যুনাল গঠনের যৌক্তিকতা তিনি দেখেননি। তার মতে, একটি আইনের অধীনে বিচার সম্ভব হলে নতুন আইন করার প্রয়োজন পড়ে না।
চিফ প্রসিকিউটর আরও বলেন, যদি গুম অধ্যাদেশ বাতিল করে বিষয়টি ট্রাইব্যুনাল আইনের সঙ্গে একীভূত করা হয়ে থাকে, তাহলে এটি ইতিবাচক পদক্ষেপ। এ ধরনের উদ্যোগ আইন ব্যবস্থাকে আরও সুসংগঠিত করে।
এদিকে, গুমের বিচার কার্যক্রমকে স্পষ্টভাবে আইনি কাঠামোর আওতায় আনতে জাতীয় সংসদে ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস (সংশোধন) বিল ২০২৬’ পাস হয়েছে। সংশোধনের মাধ্যমে গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে অনুমোদন পায়।
এসআর