চীন যুক্তরাষ্ট্র থেকে তেল কেনার আগ্রহ দেখিয়েছে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। শুক্রবার সকালে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ১৭ সেন্ট বেড়ে ১০৬ দশমিক ৮৯ ডলারে
দাঁড়িয়েছে। একইভাবে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও ১ ডলার ১০ সেন্ট বৃদ্ধি পেয়ে ১০২ দশমিক ২৭ ডলারে পৌঁছেছে।
বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে চলমান উত্তেজনা ও নিরাপত্তাহীনতার আশঙ্কা তেলের দাম বাড়াতে ভূমিকা রাখছে। যদিও ইরান দাবি করেছে যে বৃহস্পতিবার ওই পথ দিয়ে ৩০টি জাহাজ নিরাপদে চলাচল করেছে, তবুও গুরুত্বপূর্ণ এই নৌপথটি ঘিরে উদ্বেগ এখনো কাটেনি। মূলত বৈশ্বিক সরবরাহ ও ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রভাবেই তেলের বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।
এসআর