পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। কলকাতায় আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শপথগ্রহণ পর্বের একটি আবেগঘন
মুহূর্তে প্রধানমন্ত্রী ৯৭ বছর বয়সি প্রবীণ বিজেপি নেতা মাখন লাল সরকারের পা ছুঁয়ে আশীর্বাদ নেন এবং তাকে জড়িয়ে ধরেন।
শিলিগুড়ির প্রবীণ এই নেতা মাখন লাল সরকার দলীয় রাজনীতিতে এক অনন্য ব্যক্তিত্ব। তিনি জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির ঘনিষ্ঠ সহযাত্রী ছিলেন এবং তার ঐতিহাসিক কাশ্মীর সফরেও সঙ্গে ছিলেন। ১৯৫২ সালে কাশ্মীরে জাতীয় পতাকা উত্তোলন আন্দোলনে অংশ নেওয়ায় তাকে কারাবরণ করতে হয়েছিল।
পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য জানান, দেশাত্মবোধক গান গাওয়ার জন্য একসময় কংগ্রেস সরকারের আমলে দিল্লি পুলিশ তাকে গ্রেফতার করেছিল। আদালতে ক্ষমা চাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি সাহসিকতার পরিচয় দেন। এমনকি বিচারকের অনুরোধে সেই গান গেয়ে শুনিয়ে তিনি সবাইকে মুগ্ধ করেছিলেন, যার ফলে বিচারক তাকে সসম্মানে বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।
মাখন লাল সরকার শিলিগুড়ি সাংগঠনিক জেলার প্রথম বিজেপি সভাপতি ছিলেন এবং ১৯৮১ সাল থেকে টানা সাত বছর এই দায়িত্ব পালন করেন। উত্তরবঙ্গে দলীয় সংগঠন বিস্তারে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল পর্যায়ের এই নিবেদিতপ্রাণ নেতার উপস্থিতি শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানে এক বিশেষ তাৎপর্য যোগ করেছে।
এসআর