ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করছে যুক্তরাষ্ট্র।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত একটি সমঝোতায় পৌঁছাতে চান, বিশেষ করে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে স্বাভাবিক বাণিজ্যিক চলাচল নিশ্চিত করার লক্ষ্যে।
তবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কার্যকর চুক্তি এখনও চূড়ান্ত হয়নি।
মার্কিন সংবাদমাধ্যম Axios-এর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ১৪ দফার একটি সংক্ষিপ্ত প্রস্তাবনা পাঠানো হয়েছে। বার্তা সংস্থা Reuters জানিয়েছে, খসড়া প্রস্তাবটি উভয় পক্ষই ইতিবাচকভাবে বিবেচনা করছে।
এর মধ্যেই ট্রাম্প আবারও কঠোর বার্তা দিয়েছেন। তার ভাষ্য, ইরান চুক্তিতে সম্মত হলে হরমুজ প্রণালি ব্যবহারে অন্য দেশের মতো সুযোগ পাবে। তবে অস্বীকৃতি জানালে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।
নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম Truth Social-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, সমঝোতা না হলে যুক্তরাষ্ট্রের হামলা আগের চেয়ে আরও তীব্র আকারে ফিরতে পারে।
ট্রাম্প আরও উল্লেখ করেন, ইরান যদি আগে আলোচিত শর্তগুলো মেনে নেয়, তাহলে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে চলমান সামরিক অধ্যায় বন্ধ হয়ে যাবে। অন্যথায় পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে সতর্ক করেন তিনি।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ‘অপারেশন এপিক ফিউরি’ ইতোমধ্যেই সমাপ্ত ঘোষণা করা হয়েছে এবং প্রেসিডেন্টের নির্দেশেই সামরিক কার্যক্রম বন্ধ করা হয়েছে।
এসআর