[email protected] বুধবার, ৬ মে ২০২৬
২৩ বৈশাখ ১৪৩৩

কেরালার বাম দুর্গে ইতিহাস গড়লেন মুসলিম লিগের প্রথম নারী বিধায়ক ফাতেমা তাহলিয়া

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৫ মে ২০২৬ ৭:৪১ পিএম

সংগৃহীত ছবি

ভারতের কেরালার রাজনীতিতে চার দশকের বাম আধিপত্য ভেঙে দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল)-এর তরুণ নেত্রী ও আইনজীবী ফাতেমা তাহলিয়া। সোমবার ঘোষিত নির্বাচনী ফলাফলে তিনি কোঝিকোড় জেলার পেরামব্রা আসনে বাম গণতান্ত্রিক ফ্রন্টের (এলডিএফ)

 হেভিওয়েট প্রার্থী টি পি রামকৃষ্ণানকে পরাজিত করে আইইউএমএল-এর ইতিহাসের প্রথম নারী বিধায়ক হওয়ার গৌরব অর্জন করেছেন। ১৯৮০ সাল থেকে টানা সিপিআই(এম)-এর দখলে থাকা এই আসনে তাহলিয়ার জয়কে রাজনৈতিক বিশ্লেষকরা ‘জায়ান্ট কিলিং’ হিসেবে অভিহিত করছেন।

কোঝিকোড় মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করা তাহলিয়া কেবল বিরোধী পক্ষের সঙ্গেই লড়াই করেননি, বরং দলের অভ্যন্তরে নারী অধিকার ও লিঙ্গ সমতার দাবিতে সোচ্চার হয়ে সংস্কারবাদী কণ্ঠস্বর হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন। মুসলিম স্টুডেন্টস ফেডারেশনের (এমএসএফ) নারী শাখা ‘হারিতা’-র প্রতিষ্ঠাতা সভাপতি তাহলিয়াকে একসময় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ হারাতে হলেও দমে না গিয়ে বর্তমানে মুসলিম ইয়ুথ লিগের সম্পাদক হিসেবে সক্রিয় রয়েছেন।

নির্বাচনী প্রচারের সময় তার বিরুদ্ধে সাম্প্রদায়িক প্রচারণার অভিযোগ উঠলেও নির্ভীক এই নেত্রী সব বাধা ডিঙিয়ে জয় ছিনিয়ে এনেছেন, যা কেরালার রাজনীতিতে নারী প্রতিনিধিত্ব ও পরিবর্তনের নতুন সংকেত দিচ্ছে। আইইউএমএল এবার মাত্র দুজন নারীকে মনোনয়ন দিয়েছিল যার মধ্যে তাহলিয়ার এই ঐতিহাসিক বিজয় দলটির দীর্ঘদিনের পুরুষতান্ত্রিক ধারা ভাঙার ক্ষেত্রে এক বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর