যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে আনা হয়েছে।
সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে মরদেহ বহনকারী উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে—বিমানবন্দর সূত্রে এমন তথ্য জানা গেছে।
ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, স্থানীয় সময় শনিবার রাতে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে লিমনের মরদেহ ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়।
এর আগে, গত বৃহস্পতিবার ফ্লোরিডার টাম্পা বে এলাকায় একটি ইসলামিক সেন্টারে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থীসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেন।
জানা গেছে, লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন।
একই সময়ে নিখোঁজ হন নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) নামের আরেকজন। তাদের এক সহপাঠী বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করেন।
এই ঘটনায় লিমনের রুমমেট, মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
আদালতের নথি অনুযায়ী, লিমনের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।
অভিযুক্তের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যা মামলায় দুটি অভিযোগ আনা হয়েছে। এছাড়া তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধারের কথাও উল্লেখ করা হয়েছে।
এসআর