সৌদি আরবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়ে গত এক সপ্তাহে ১১ হাজার ৩০০ জনকে গ্রেপ্তার এবং ১৪ হাজার ৮৫৫ জনকে বহিষ্কার করা হয়েছে। গালফ নিউজের বরাতে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়
জানিয়েছে, গত ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত নিরাপত্তা বাহিনীর বিভিন্ন সংস্থা এই যৌথ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৬ হাজার ২৪৪ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের কারণে ৩ হাজার ৫৪৩ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ১ হাজার ৫১৩ জনকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদিতে প্রবেশের চেষ্টাকালে আরও ১ হাজার ৩৩০ জনকে আটক করা হয়, যাদের মধ্যে ৪৩ শতাংশ ইয়েমেনি এবং ৫৪ শতাংশ ইথিওপিয়ার নাগরিক।
সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে অবস্থানকারীদের বিরুদ্ধে এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। বহিষ্কৃত ব্যক্তিদের নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বর্তমানে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এসআর