গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে সহায়তা দিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে নতুন উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় রোববার (৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আরব উপসাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করা প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট।
বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়।
সম্প্রতি যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে সংঘাত শুরুর পর তেহরান এই প্রণালিতে অবরোধ আরোপ করলে বহু বাণিজ্যিক জাহাজ সেখানে আটকে পড়ে।
ট্রাম্প তার পোস্টে জানান, নতুন এ প্রকল্পের মাধ্যমে হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে নিরাপদে চলাচলের সুযোগ করে দিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী সরাসরি সহায়তা করবে। বিভিন্ন দেশের পক্ষ থেকে সহায়তার অনুরোধ আসার পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, এ উদ্যোগের লক্ষ্য শুধু জাহাজ চলাচল স্বাভাবিক করা নয়, বরং আটকে থাকা নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করাও। দীর্ঘ সময় আটকে থাকার কারণে অনেক জাহাজে খাদ্য ও জরুরি সরঞ্জামের ঘাটতি দেখা দিয়েছে বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সকাল (বাংলাদেশ সময় রাত) থেকে ‘প্রজেক্ট ফ্রিডম’ কার্যক্রম শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ট্রাম্প এ উদ্যোগকে একটি মানবিক সহায়তা কার্যক্রম হিসেবে বর্ণনা করেছেন এবং এর মাধ্যমে সংশ্লিষ্ট সব পক্ষ উপকৃত হবে বলে আশা প্রকাশ করেছেন।
এসআর