যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিরসনে তিন পর্যায়ের একটি নতুন শান্তি প্রস্তাব পেশ করেছে ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াশিংটন যদি পুনরায় সংলাপে আগ্রহী হয়, তবে এই প্রস্তাবের ভিত্তিতেই
আলোচনা এগোবে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে।
প্রথম পর্যায়: যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। সেই সঙ্গে ইরান ও লেবাননে ভবিষ্যতে আর কোনো আগ্রাসী হামলা চালানো হবে না— এই মর্মে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সুনির্দিষ্ট নিশ্চয়তা দিতে হবে।
দ্বিতীয় পর্যায়: প্রথম ধাপের শর্ত পূরণ হলে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট 'হরমুজ প্রণালি'র প্রশাসনিক ও ব্যবস্থাপনা কাঠামো নিয়ে আলোচনা শুরু হবে।
তৃতীয় পর্যায়: উপরের দুটি বিষয় মীমাংসা হওয়ার পর ইরানের পরমাণু প্রকল্প নিয়ে স্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনা করা হবে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ বিষয়ে হোয়াইট হাউসের মন্তব্য জানতে চাইলে মুখপাত্র অলিভিয়া ওয়ালেস জানান, এটি অত্যন্ত সংবেদনশীল কূটনৈতিক বিষয়। যুক্তরাষ্ট্র এমন কোনো চুক্তিতে পৌঁছাতে চায় যা মার্কিন জনগণের স্বার্থ রক্ষা করবে এবং ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখবে।
গত ১১ এপ্রিল ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে ২১ ঘণ্টার দীর্ঘ বৈঠক ব্যর্থ হওয়ার পর কূটনৈতিক উত্তেজনা বাড়ে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিনিধি দলকে দীর্ঘ ফ্লাইটে পাঠানোর বদলে ফোনে আলোচনার ওপর গুরুত্ব দিয়েছেন। এরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমান ও পাকিস্তান সফর শেষে বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন এবং এই নতুন প্রস্তাবটি সামনে এনেছেন।
এসআর