[email protected] রবিবার, ৩ মে ২০২৬
২০ বৈশাখ ১৪৩৩

ইরানের ১৪ দফা শান্তি প্রস্তাব পর্যালোচনায় ট্রাম্প

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩ মে ২০২৬ ৯:৪৩ এএম

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনা ও যুদ্ধের অবসানে ইরানের পক্ষ থেকে দেওয়া ১৪ দফার একটি নতুন শান্তি প্রস্তাব এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেবিলে। স্থানীয় সময় শনিবার এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের

 মুখোমুখি হয়ে ট্রাম্প নিশ্চিত করেছেন যে, তিনি এই প্রস্তাবটি গুরুত্বের সাথে পর্যালোচনা করছেন এবং এ বিষয়ে শীঘ্রই বিস্তারিত জানাবেন।

​কূটনৈতিক সূত্রে জানা গেছে, পাকিস্তান সরকারের মধ্যস্থতায় এই আলোচনার প্রক্রিয়াটি চলমান রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ইরানকে ৯ দফার একটি শান্তি প্রস্তাব দিলেও তেহরান তার পালটা জবাবে এই ১৪ দফা পরিকল্পনা পেশ করে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি তেহরানে বিদেশি রাষ্ট্রদূতদের এক সম্মেলনে স্পষ্ট জানিয়েছেন, শান্তির লক্ষ্যে তারা তাদের পরিকল্পনা জমা দিয়েছেন এবং এখন চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব যুক্তরাষ্ট্রের।

​ইরানের এই নতুন পরিকল্পনায় বেশ কিছু কঠোর শর্তারোপ করা হয়েছে। যার মধ্যে রয়েছে— ইরানের সীমান্ত এলাকা থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার, নৌ-অবরোধ ও যাবতীয় অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া, বিদেশে আটকে থাকা ইরানি সম্পদ ফেরত দেওয়া এবং লেবাননসহ অন্যান্য রণাঙ্গনে যুদ্ধের অবসান ঘটানো। এছাড়া ভবিষ্যতে কোনো সামরিক আগ্রাসন চালানো হবে না— এমন নিশ্চয়তাও দাবি করেছে তেহরান।

​উল্লেখ্য, যুক্তরাষ্ট্র আলোচনার জন্য দুই মাস সময় চেয়ে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও ইরান তা নাকচ করে ৩০ দিনের মধ্যে সমাধানের দাবি জানিয়েছে। বর্তমানে দুই পক্ষের মধ্যে তিন সপ্তাহের একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যা এই কূটনৈতিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে সহায়তা করছে।

এসআর

সম্পর্কিত খবর