ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আশঙ্কা প্রকাশ করেছেন যে, চলমান যুদ্ধবিরতি ও সংলাপের প্রচেষ্টার মাঝেও যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাতে পারে।
তিনি বলেন, ওয়াশিংটনের প্রতি তেহরানের বিশ্বাস এখন পুরোপুরি নষ্ট হয়ে গেছে।
বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো-এর সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এ মন্তব্য করেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা গেছে।
ইরানের রাষ্ট্রীয় সূত্রগুলো জানিয়েছে, পেজেশকিয়ান জোর দিয়ে বলেন—কূটনৈতিক সংলাপ সবসময়ই তাদের অগ্রাধিকার ছিল।
তবে অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি অভিযোগ করেন, আলোচনার সময়েও যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা একাধিকবার ইরানে হামলা চালিয়েছে। ফলে ভবিষ্যতেও এমন ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে তিনি মনে করছেন।
তিনি আরও বলেন, এ ধরনের পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা বা আস্থা রাখা এখন আর সম্ভব নয়।
চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গত ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরু হলে হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান, যা বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করে।
পরে পাকিস্তান-এর মধ্যস্থতায় এপ্রিলের শুরুতে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়।
পরবর্তীতে ইসলামাবাদ-এ দুই পক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো স্থায়ী সমাধান আসেনি।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতির সময় বাড়ালেও এর নির্দিষ্ট মেয়াদ উল্লেখ করেননি।
বিশ্লেষকদের মতে, আঞ্চলিক উত্তেজনা পুরোপুরি প্রশমিত না হওয়ায় ভবিষ্যতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
এসআর