২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীতদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। কমিটির সেক্রেটারি ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন জানিয়েছেন, এবারের তালিকায় ২০৮ জন ব্যক্তি
এবং ৭৯টি সংস্থা মিলিয়ে মোট ২৮৭টি নাম রয়েছে। গত বছরের তুলনায় এবার নতুন প্রার্থীর সংখ্যা অনেক বেশি।
ট্রাম্পের মনোনয়ন: ইসরায়েল, পাকিস্তান ও কম্বোডিয়ার নেতারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই পুরস্কারের জন্য মনোনীত করেছেন বলে জানা গেছে। তবে নিয়ম অনুযায়ী, চূড়ান্ত বিজয়ী ঘোষণার আগে এই মনোনয়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার সুযোগ নেই।
গোপনীয়তা: নোবেল কমিটি প্রথাগতভাবে মনোনীতদের নাম ৫০ বছর পর্যন্ত গোপন রাখে। ফলে প্রস্তাবকরা নিজে থেকে ঘোষণা না দিলে নির্দিষ্টভাবে কারও নাম জানার উপায় থাকে না।
যোগ্য মনোনয়ন দাতা: বিশ্বজুড়ে সংসদ সদস্য, রাষ্ট্রপ্রধান, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সাবেক নোবেলজয়ীরা এই মনোনয়ন দেওয়ার অধিকার রাখেন।
আলোচিত অন্যান্য নাম: বেটিং সাইট এবং আন্তর্জাতিক মহলে ট্রাম্প ছাড়াও আলোচনায় আছেন প্রয়াত রুশ নেতা অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া, পোপ লিও এবং সুদানের মানবিক সংস্থা 'ইমারজেন্সি রেসপন্স রুমস'।
বিশ্বজুড়ে অস্থিরতা ও সংঘাত বাড়লেও বর্তমান প্রেক্ষাপটে শান্তি পুরস্কারের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে বলে মনে করেন হার্পভিকেন। কমিটির তথ্যমতে, ৩১ জানুয়ারি ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়, আর এখন চলছে যাচাই-বাছাইয়ের কাজ।
এসআর