[email protected] মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
১৫ বৈশাখ ১৪৩৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ‘ইঞ্জিনিয়ারিং’ বিতর্ক: চূড়ান্ত প্রতিবেদন ইইউর

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬ ৩:৪২ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ওঠা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগের সত্যতা খুঁজে পায়নি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশন।

রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে সংস্থাটি তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে এ তথ্য জানায়।

ইইউর পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস জানান, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচন সামগ্রিকভাবে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ছিল।

নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনের ভূমিকা কার্যকর ছিল বলেও তিনি উল্লেখ করেন। তার মতে, ভোটগ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ ছিল এবং ‘ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।


প্রতিবেদনে বলা হয়, ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিল এবং ডাকযোগে ভোট প্রদানের ব্যবস্থাও ইতিবাচক হিসেবে বিবেচিত হয়েছে। ভবিষ্যতে নির্বাচন আরও প্রতিযোগিতামূলক হবে বলে আশা প্রকাশ করেছে সংস্থাটি।


নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ইইউ মোট ১৯টি সুপারিশ দিয়েছে, যার মধ্যে কয়েকটি অগ্রাধিকারভিত্তিক।

এর মধ্যে রয়েছে—নারীদের অংশগ্রহণ বাড়ানো, ডিজিটাল মাধ্যমে হয়রানি প্রতিরোধ, প্রার্থীদের ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রতিবন্ধী ভোটারদের জন্য আরও সুবিধা বৃদ্ধি।


উল্লেখ্য, গত বছরের শেষ দিক থেকে বাংলাদেশে অবস্থান করা ইইউ পর্যবেক্ষক দল নির্বাচনের সময় দেশজুড়ে কার্যক্রম পরিচালনা করে।

মোট ২২৩ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক ৬৪ জেলায় দায়িত্ব পালন করেন। এর আগে ১৪ ফেব্রুয়ারি একটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল।


গত ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে, আর জামায়াতে ইসলামী বিরোধী দলে যায়।

তবে নির্বাচনকে ঘিরে কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে ‘ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ তোলা হয়েছিল।

এসআর

সম্পর্কিত খবর