হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা আরও বেড়েছে। সামুদ্রিক নিয়ম ভঙ্গের অভিযোগে দুটি কার্গো জাহাজ জব্দ করেছে ইরান।
এর আগে একই দিনে পৃথক সময়ে কয়েকটি জাহাজ লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনাও ঘটে।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আটক করা জাহাজ দুটি ইরানের উপকূলে নিয়ে যাওয়া হয়েছে। তবে জাহাজগুলোর মালিকানা বা কী পণ্য বহন করছিল—সে বিষয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালীতে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই এলাকায় কোনো ধরনের নিয়ম লঙ্ঘনকে তারা ‘লাল রেখা’ হিসেবে বিবেচনা করে, যার পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে খবর আসে, একই দিনে প্রণালী দিয়ে যাওয়া কয়েকটি কনটেইনার জাহাজে হামলা চালানো হয়। কিছু জাহাজ ক্ষতিগ্রস্ত হলেও সেগুলো বর্তমানে নিরাপদ অবস্থায় রয়েছে বলে আন্তর্জাতিক সামুদ্রিক সূত্র জানিয়েছে।
এসআর