ইরান কর্তৃক হরমুজ প্রণালি বন্ধের হুমকি এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে কঠোর অবস্থান জানিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ সরকার স্পষ্ট করে দিয়েছে যে, বিশ্ব অর্থনীতিকে অস্থিতিশীল করার কোনো
সুযোগ ইরানকে দেওয়া হবে না। সোমবার আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
হরমুজ প্রণালি নিয়ে হুঁশিয়ারি: ব্রিটিশ সরকারের ইউরোপ ও উত্তর আমেরিকা বিষয়ক মন্ত্রী স্টিফেন ডাউটি জানান, ইরান হরমুজ প্রণালিকে 'জিম্মি' হিসেবে ব্যবহার করতে পারে না। এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে বাধাহীন চলাচল নিশ্চিত করা এখন লন্ডন ও তার সহযোগীদের প্রধান অগ্রাধিকার।
নিরাপত্তা ও আন্তর্জাতিক আইন: যুক্তরাজ্য বর্তমানে ফ্রান্স, বাহরাইন এবং প্রায় ৯০টি দেশের একটি বৃহৎ আন্তর্জাতিক জোটের সাথে মিলে কাজ করছে। তাদের মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক সামুদ্রিক আইন বজায় রাখা এবং বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হামলা বন্ধ করা।
বিশ্ব অর্থনীতিতে প্রভাব: স্টিফেন ডাউটি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালির অচলাবস্থা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও বাণিজ্যের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করছে। বিশ্ব অর্থনীতি এবং উপসাগরীয় মিত্রদের স্বার্থে এই নৌপথটি দ্রুত পুনরায় খুলে দেওয়া অত্যন্ত জরুরি।
স্টিফেন ডাউটি জোর দিয়ে বলেন, "ইরান আমাদের মিত্রদের নিশানা করতে পারে না এবং পারমাণবিক অস্ত্রও তৈরি করতে পারে না। আমরা অবশ্যই একটি কূটনৈতিক সমাধান এবং স্থায়ী যুদ্ধবিরতি চাই। তবে নৌপথে কোনো শুল্ক বা নিরাপত্তা হুমকি মেনে নেওয়া হবে না।"
এসআর