[email protected] মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
১৫ বৈশাখ ১৪৩৩

গুরুত্ব পাচ্ছে হরমুজ প্রণালি ও পারমাণবিক ইস্যু

ইরানের নতুন শান্তি প্রস্তাব পর্যালোচনায় ট্রাম্প প্রশাসন

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬ ১০:০৯ এএম

সংগৃহীত ছবি

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত নিরসন এবং হরমুজ প্রণালির অচলাবস্থা দূর করতে ইরানের দেওয়া নতুন শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

 মঙ্গলবার এক প্রতিবেদনে আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

​হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, সোমবার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের এই প্রস্তাবটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

​পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করে ইরান এই নতুন প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের কাছে পাঠিয়েছে। প্রস্তাবে মূলত সংঘাত বন্ধ এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সচল রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যতে আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিতও দেওয়া হয়েছে।

​লেভিট আরও উল্লেখ করেছেন যে, ইরানের প্রস্তাবটি পর্যালোচনা করা হলেও প্রেসিডেন্ট ট্রাম্পের পূর্বনির্ধারিত মূল শর্তগুলোতে কোনো শিথিলতা আনা হয়নি। এছাড়া হোয়াইট হাউস স্পষ্ট করেছে যে, তারা গণমাধ্যমের মাধ্যমে ইরানের সঙ্গে কোনো ধরনের দরকষাকষি বা কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে আগ্রহী নয়।

​সহকারী প্রেস সেক্রেটারি অলিভিয়া ওয়েলস এক বিবৃতিতে জানিয়েছেন, এসব বিষয় অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় যুক্তরাষ্ট্র গোপনীয়তা বজায় রাখতে চায়। তিনি জোর দিয়ে বলেন, মার্কিন জনগণের স্বার্থ রক্ষা এবং ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে—এই শর্তগুলো নিশ্চিত করেই কেবল কোনো চুক্তিতে পৌঁছাবে ওয়াশিংটন।

এসআর

সম্পর্কিত খবর