ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ শাসনের অবসান ঘটাতে বড় ধরনের রাজনৈতিক মেরুকরণ শুরু হয়েছে। তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে এবার হাত মিলিয়েছেন দেশটির দুই সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়াইর লাপিদ। ২০২৬ সালের অক্টোবরে
অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনকে সামনে রেখে নিজেদের রাজনৈতিক দলগুলোকে একীভূত করে নতুন এক নির্বাচনী জোট গঠনের ঘোষণা দিয়েছেন তারা।
সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট জানিয়েছেন, তাদের এই নতুন জোটের নাম হবে ‘টুগেদার’ (একত্রে)। বেনেট নিজেই এই জোটের নেতৃত্ব দেবেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তাদের মূল লক্ষ্য হচ্ছে আগামী নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন বর্তমান জোট সরকারকে পরাজিত করা।
দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক আধিপত্যের সমালোচনা করে নাফতালি বেনেট বলেন, ৩০ বছর পর এখন সময় এসেছে নেতানিয়াহুর থেকে আলাদা হওয়ার। ইসরাইলকে তার বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক পথ পরিবর্তন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধ এবং বিচার বিভাগীয় সংস্কার নিয়ে অভ্যন্তরীণভাবে এমনিতেই বেশ চাপে রয়েছেন নেতানিয়াহু। এমন পরিস্থিতিতে বেনেট ও লাপিদের এক হওয়া বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। এই নতুন জোট যদি বিরোধী জনমতকে সফলভাবে এক করতে পারে, তবে আগামী নির্বাচনে নেতানিয়াহুর বিদায় ঘণ্টা বেজে যাওয়ার সম্ভাবনা প্রবল।
এসআর