[email protected] সোমবার, ২০ এপ্রিল ২০২৬
৭ বৈশাখ ১৪৩৩

ইসলামাবাদে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল, ইরানের সঙ্গে নতুন দফার সংলাপের প্রস্তুতি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬ ৭:৪৬ পিএম

সংগৃহীত ছবি

ইসলামাবাদ-এ ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দ্বিতীয় দফার শান্তি আলোচনা ঘিরে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রোববার (১৯ এপ্রিল) যুক্তরাষ্ট্র থেকে একটি প্রতিনিধিদল পাকিস্তানের রাজধানীতে পৌঁছেছে, যা আসন্ন সংলাপের প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।


আগামী সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে নতুন করে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে সময়সূচি ঘোষণা করা হয়নি কোনো পক্ষ থেকেই।


উচ্চপর্যায়ের বিদেশি প্রতিনিধিদের আগমনকে কেন্দ্র করে রাজধানী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ ‘রেড জোন’ এলাকায় যান চলাচল সীমিত করা হয়েছে এবং নাগরিকদের বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

একইসঙ্গে রাওয়ালপিণ্ডি-সহ আশপাশের এলাকায় গণপরিবহন চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।


নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র জানায়, পুরো এলাকায় হাজারো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে এবং আধুনিক নজরদারি প্রযুক্তি ব্যবহার করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।


এর আগে চলতি মাসের শুরুতে শাহবাজ শরীফ-এর উদ্যোগে দুই পক্ষের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির প্রেক্ষাপটে প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই প্রক্রিয়ার ধারাবাহিকতায় দ্বিতীয় দফার আলোচনা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে।


এদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, আলোচনায় কিছু অগ্রগতি হলেও এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে।

অপরদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংলাপকে ইতিবাচক বলে উল্লেখ করলেও তেহরানকে চাপ প্রয়োগের কৌশল পরিহারের আহ্বান জানিয়েছেন।


বিশ্লেষকদের মতে, নতুন এই দফার আলোচনা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 

এসআর

সম্পর্কিত খবর