ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরানের সঙ্গে পুনরায় সংলাপে বসতে দুটি শর্ত জুড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি গণমাধ্যম ও এনডিটিভির বরাতে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী দুই দিনের
মধ্যে আলোচনা শুরুর ইঙ্গিত দিলেও শর্ত পূরণ না হওয়া পর্যন্ত তা অনিশ্চিত।
১. হরমুজ প্রণালি উন্মুক্ত করা: ওয়াশিংটন চায় অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ ও তেলবাহী ট্যাংকার চলাচল পুরোপুরি বাধাহীন করতে হবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ‘পারস্পরিকতা’ নীতি অনুসরণ করবে; অর্থাৎ ইরান বাধা দিলে তাদের জাহাজ চলাচলেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে।
২. আইআরজিসি-র পূর্ণ অনুমোদন: আলোচনার টেবিলে ইরানের প্রতিনিধিদলকে অবশ্যই ইসলামিক রেভ্যুলশনারি গার্ড কর্পস (আইআরজিসি) তথা দেশটির শীর্ষ নেতৃত্বের পূর্ণ অনুমোদন নিয়ে আসতে হবে। ইসলামাবাদ বৈঠকের মতো পরিস্থিতি যেন না হয় এবং যেকোনো সমঝোতা যেন সব মহলে গ্রহণযোগ্য ও চূড়ান্ত হয়, সেটি নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র।
প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, তেহরানের পক্ষ থেকে সমঝোতার আগ্রহ দেখিয়ে যোগাযোগ করা হয়েছে। তবে ইরান আলোচনার এই দাবি নাকজ করে দিয়েছে এবং ওয়াশিংটনকে অবিশ্বস্ত হিসেবে অভিহিত করেছে।
উল্লেখ্য, ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলা ৪০ দিনের যুদ্ধের পর, ৭ এপ্রিল থেকে দুই সপ্তাহের জন্য অস্থায়ী যুদ্ধবিরতিতে রয়েছে পক্ষগুলো। ট্রাম্পের বিশ্বাস, শর্ত পূরণ হলে এই সংঘাত দ্রুতই শেষ হবে।
এসআর