যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানি বন্দরগুলোতে অবরোধ আরোপের ফলে চীনে যে জ্বালানি ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে, তা পূরণে সহযোগিতার আশ্বাস দিয়েছে রাশিয়া। বুধবার (১৫ এপ্রিল) বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের
সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এই ঘোষণা দেন।
লাভরভ সাংবাদিকদের জানান, যেসব দেশ রাশিয়ার সাথে পারস্পরিক লাভজনক ও ন্যায্যতার ভিত্তিতে কাজ করতে আগ্রহী, রাশিয়া তাদের সম্পদের ঘাটতি পূরণে সক্ষম। বিশেষ করে চীনের বর্তমান পরিস্থিতিতে রাশিয়া প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রস্তুত।
তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান বৈশ্বিক অস্থিরতার মাঝেও পুতিন ও শি জিনপিংয়ের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আগের মতোই অটুট ও শক্তিশালী রয়েছে।
মূলত চীন ইরানের তেলের প্রধান আমদানিকারক হওয়ায় মার্কিন অবরোধের কারণে বেইজিংয়ের জ্বালানি খাতে বড় ধরনের চাপের সৃষ্টি হয়েছে। ওয়াশিংটন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, অবরোধ চলাকালীন চীনকে ইরান থেকে তেল কিনতে দেওয়া হবে না।
এমন অবস্থায় রাশিয়ার এই প্রস্তাবকে বিশ্ব রাজনীতি ও জ্বালানি বাজারে একটি নতুন ভূ-রাজনৈতিক সমীকরণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এতে করে পশ্চিমা চাপের মুখে চীন ও রাশিয়ার কৌশলগত মিত্রতা আরও সুদৃঢ় হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
এসআর