পাকিস্তানের ইসলামাবাদে দীর্ঘ ২১ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকের পরও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইরান। এই কূটনৈতিক অচলাবস্থার প্রেক্ষাপটে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় রোববার (১২ এপ্রিল) ওয়াশিংটনে সাংবাদিকদের তিনি স্পষ্ট জানিয়ে দেন, ইরান আলোচনার টেবিলে ফিরুক বা না ফিরুক, তাতে তার কিছুই যায় আসে না।
ফ্লোরিডা সফর শেষে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, তেহরান যদি আলোচনায় ফিরে না আসে, তবে তাতে যুক্তরাষ্ট্রের কোনো সমস্যা নেই। তবে আলোচনার টেবিলে অগ্রগতি না হলেও দেশ দুটির মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি বর্তমানে কার্যকর রয়েছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে ইরান থেকে সম্প্রতি উদ্ধার হওয়া দুই মার্কিন পাইলট সুস্থ আছেন এবং তাদের নিয়ে যুক্তরাষ্ট্র গর্বিত বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে ট্রাম্প অভিযোগ করেন, ইরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা লালন করছে এবং ইসলামাবাদ বৈঠকে তারা এই অভিপ্রায় স্পষ্টভাবে ব্যক্ত করেছে। ট্রাম্প আবারও হুশিয়ারি দিয়ে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক বোমা বানাতে দেওয়া হবে না। তার মতে, তেহরান তাদের পারমাণবিক আকাঙ্ক্ষা ত্যাগ করতে রাজি না হওয়ার কারণেই সরাসরি আলোচনা ব্যর্থ হয়েছে।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন ভিন্ন কথা। তার দাবি, দুই পক্ষ একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ক্রমাগত নতুন ও কঠোর শর্ত আরোপ, বারবার নিয়মের পরিবর্তন এবং নতুন নতুন অবরোধের চাপের কারণে শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। বর্তমানে হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরীয় অঞ্চলে এই উত্তেজনাকে কেন্দ্র করে সামরিক ও কূটনৈতিক স্নায়ুযুদ্ধ নতুন মোড় নিয়েছে।
এসআর