ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পরপরই বিশ্ববাজারে স্বর্ণসহ সব ধরনের মূল্যবান ধাতুর দাম একলাফে অনেকটা বেড়ে গেছে। ইরানের দেওয়া ১০ দফা দাবি যুক্তরাষ্ট্র মেনে নেওয়ার পর আন্তর্জাতিক
বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) স্পট গোল্ডের দাম ২.৩% বেড়ে প্রতি আউন্স ৪,৮১২.৪৯ ডলারে দাঁড়িয়েছে, যা গত ১৯ মার্চের পর সর্বোচ্চ। পাশাপাশি যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার ৩.৪% বেড়ে ৪,৮৪১.৬০ ডলারে পৌঁছেছে। মূলত জ্বালানি নির্ভর মুদ্রাস্ফীতির আশঙ্কা এবং ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন ব্যবসায়ীরা।
অন্যান্য ধাতুর মধ্যে রুপার দাম ৪.৯% বেড়ে প্রতি আউন্স ৭৬.৪৮ ডলার হয়েছে। এছাড়াও প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দাম যথাক্রমে ৩.২% ও ৪.১% বৃদ্ধি পেয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, ইরান শেষ পর্যন্ত শান্তি চুক্তির শর্তগুলো কতটুকু মেনে চলে, তার ওপরই নির্ভর করছে বাজারের পরবর্তী গতিবিধি।
এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় আগামী ১০ এপ্রিল ইসলামাবাদে দুই দেশের মধ্যে পরবর্তী পর্যায়ের কূটনৈতিক আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। যদিও ইরান স্পষ্ট করেছে যে, এই আলোচনা মানেই যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি নয়।
এসআর