দেশে চলমান হামের প্রাদুর্ভাব নিয়ে নীরব থাকার অভিযোগকে সরাসরি মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও ডা. তাসনিম জারা। শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি
জানান, দুটি রাজনৈতিক দলের কর্মীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে।
ডা. জারা স্পষ্ট করেন যে, তিনি গত এক মাসেরও বেশি সময় ধরে বিভিন্ন সভা-সেমিনারে হামের প্রাদুর্ভাব ও এর প্রতিকার নিয়ে কথা বলে আসছেন। এমনকি গত ১৯ এপ্রিল তিনি এই সংকটের পেছনে দায়ীদের খুঁজে বের করতে সংসদীয় তদন্ত কমিটি গঠনের দাবিও জানিয়েছিলেন। তিনি বলেন, একটি জনস্বাস্থ্য সংকটকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
স্বাস্থ্য উপদেষ্টাকে রক্ষার জন্য তিনি চুপ রয়েছেন—এমন অভিযোগের জবাবে ডা. জারা বলেন, ২০২৪ সালেই জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় অবহেলার কারণে তিনি তখনকার উপদেষ্টার কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। বর্তমানে শিশুরা অসুস্থ হওয়া ও মৃত্যুর এই সময়ে মিথ্যা প্রচার না চালিয়ে সবাইকে সমাধানে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
এসআর