দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গজনিত কারণে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে।
এর মধ্যে চার শিশুর মৃত্যুর কারণ হিসেবে হাম নিশ্চিত করা হয়েছে এবং সাতজন উপসর্গ নিয়ে মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩৪৪ শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৬৫ শিশু। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৯ জনে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৭৮ শিশু।
মৃত্যুর বিভাগভিত্তিক তথ্যে দেখা গেছে, নিশ্চিত হওয়া চার মৃত্যুর মধ্যে তিনটি ঢাকা বিভাগে এবং একটি বরিশাল বিভাগে ঘটেছে।
অন্যদিকে উপসর্গ নিয়ে মারা যাওয়া সাত শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগের, দুজন সিলেট বিভাগের এবং দুজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত এক দিনে সারাদেশে মোট ১ হাজার ৫০৩ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
এদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত পাওয়া গেছে ঢাকা বিভাগে, যেখানে ৪৯৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে চিকিৎসা শেষে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১১৬ শিশু। তাদের মধ্যে ৪৪৩ জনই ঢাকা বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৪৯ হাজার ১৫৯ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৪ হাজার ৯০৯ শিশু। পরীক্ষায় ৬ হাজার ৮১৯ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩০ হাজার ৮৬২ জন।
এসআর