দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এর মধ্যে দুজনের মৃত্যু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে হয়েছে, আর বাকি পাঁচজন মারা গেছেন একই ধরনের উপসর্গ নিয়ে।
বুধবার (৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।
সংস্থাটির সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৫৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গভিত্তিক সন্দেহজনক মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬৮ জনে।
এদিকে, সারা দেশে এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৮৮৫ জন। তাদের মধ্যে ২৭ হাজার ২২৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য বিভাগ বলছে, সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান ও সচেতনতা বাড়ানো জরুরি হয়ে উঠেছে।
এসআর