রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থিত মিনার্ভা হসপিটাল লিমিটেড এবং সেগুনবাগিচাভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠান ‘ইনসাইট সাইকো-সোস্যাল কেয়ার অ্যান্ড রিসার্চ’-এর মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার ইনসাইট সাইকো-সোস্যাল কেয়ার অ্যান্ড রিসার্চ-এর কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থেকে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় ইনসাইট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং ভর্তি রোগীরা মিনার্ভা হসপিটাল থেকে বিভিন্ন কর্পোরেট সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।
মিনার্ভা হসপিটালের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর ডা. নাজনীন সুলতানা, সিইও মো. আব্দুল কাদের এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল হুদা।
অন্যদিকে, ইনসাইট সাইকো-সোস্যাল কেয়ার অ্যান্ড রিসার্চ-এর পক্ষে স্বাক্ষর করেন ম্যানেজিং ডিরেক্টর আরফা ইসলাম ও প্রশাসন বিভাগের প্রধান মুহাম্মদ উসমান আলী।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে।
মিনার্ভা হসপিটালের সিইও আব্দুল কাদের বলেন, এ ধরনের উদ্যোগ স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
ইনসাইট সাইকো-সোস্যাল কেয়ার অ্যান্ড রিসার্চ-এর ম্যানেজিং ডিরেক্টর আরফা ইসলাম মানসিক রোগীদের সঠিক চিকিৎসার জন্য নির্ভরযোগ্য পরীক্ষা-নিরীক্ষা ও মানসম্মত রিপোর্টের গুরুত্ব তুলে ধরেন এবং সমন্বিত সেবার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মিনার্ভা হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ডা. নাজনীন সুলতানা বলেন, উন্নত ও মানসম্পন্ন চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে রোগীদের জন্য একটি আস্থার পরিবেশ গড়ে তুলতে তাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় আরও উপস্থিত ছিলেন মিনার্ভা হসপিটালের এজিএম আহসান হাবীব রিংকু, সিনিয়র এক্সিকিউটিভ শরীফুল ইসলাম, ইমরান হোসাইন, সোহাগ মিয়া, বাবলু চন্দ্র রায়সহ সংশ্লিষ্টরা।
এসআর