[email protected] শনিবার, ২ মে ২০২৬
১৯ বৈশাখ ১৪৩৩

৮০ হাজার নারীসহ এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগের পরিকল্পনা সরকারের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ মে ২০২৬ ৪:৪৫ পিএম

সংগৃহীত ছবি

দেশের স্বাস্থ্যখাতে প্রতিরোধমূলক ব্যবস্থাকে শক্তিশালী করতে বড় ধরনের কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার।

তারেক রহমান জানিয়েছেন, প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে ৮০ শতাংশই নারী থাকবেন।

শনিবার (২ মে) সিলেট নগর ভবনে সিলেট সিটি করপোরেশন আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের চিকিৎসাসেবায় সীমাবদ্ধতা থাকায় উন্নত দেশের মতো সেবা নিশ্চিত করা কঠিন।

তাই রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানোই এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত।


পরিকল্পনা অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা গ্রাম পর্যায়ে গিয়ে মানুষকে স্বাস্থ্য, পুষ্টি এবং খাদ্যাভ্যাসের সঙ্গে রোগের সম্পর্ক সম্পর্কে ধারণা দেবেন।


এ সময় তিনি সিলেটে দীর্ঘদিন বন্ধ থাকা ২০০ শয্যার একটি হাসপাতাল দ্রুত চালুর আশ্বাস দেন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন।


অর্থনৈতিক কার্যক্রম জোরদারে বন্ধ শিল্পকারখানা চালুর উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

প্রয়োজন হলে এসব প্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দিয়ে চালু করার কথাও বলেন, যাতে কর্মসংস্থান বাড়ে এবং বিদেশি বিনিয়োগ আসে।


যোগাযোগ অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক সম্প্রসারণের পথে জমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতা ছিল, যা ইতোমধ্যে সমাধান হয়েছে। ফলে দ্রুত কাজ শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

পাশাপাশি ঢাকা-সিলেট রেলপথ ডাবল লাইনে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে।


নগরের জলাবদ্ধতা সমস্যা নিয়ে তিনি জানান, বৃষ্টিপাত ও পানি ব্যবস্থাপনার ঘাটতির কারণে পরিস্থিতি জটিল হচ্ছে।

এ সমস্যা সমাধানে খাল খননসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বৃষ্টির পানি সংরক্ষণ করা যায় এবং জলাবদ্ধতা কমে।


সমাবেশে যোগ দেওয়ার আগে নগরের চাঁদনিঘাট এলাকায় বন্যা ও জলাবদ্ধতা নিরসনে একটি বড় প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

এ প্রকল্প বাস্তবায়িত হলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করা হয়।


পরিবেশ সুরক্ষার বিষয়েও গুরুত্বারোপ করে তিনি বলেন, নদীতে প্লাস্টিক বর্জ্য জমে পানি দূষণ বাড়ছে।

এ বিষয়ে সচেতনতা তৈরিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।


সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালুর পাশাপাশি শিশুদের খেলাধুলায় উৎসাহিত করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিও চালু হয়েছে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এতে আরও বক্তব্য দেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, হুইপ জি কে গউছ এবং সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার।

 

এসআর

সম্পর্কিত খবর