দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। সর্বশেষ ২৪ ঘণ্টায় এ রোগে আরও ১১ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে ১০ জন সন্দেহভাজন এবং একজনের ক্ষেত্রে হাম নিশ্চিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত এক দিনে নতুন করে ১ হাজার ২৩৬ জন হাম-সদৃশ উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন। একই সময়ে পরীক্ষায় ২২৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮৮৩ জনে। এ সময়ের মধ্যে নিশ্চিত রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৯৮ জন।
একই সময়ে হাম-সদৃশ উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৮৮৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৬৩৫ জন।
মৃত্যুর ক্ষেত্রে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই সর্বোচ্চ ছয় জনের মৃত্যু হয়েছে, যা জেলা হিসাবেও সর্বাধিক।
এছাড়া, ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মোট ২১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম উপসর্গে প্রাণ হারিয়েছেন ১২৮ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ পরিস্থিতিতে সচেতনতা বাড়ানো এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন।
এসআর