বলিউড অভিনেত্রী মৌনি রায় ও তার স্বামী সুরজ নাম্বিয়ার-কে ঘিরে কয়েকদিন ধরে বিচ্ছেদের গুঞ্জন চলছিল।
বিবৃতিতে মৌনি ও সুরজ জানান, তাদের ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত আলোচনা ও নানা ধরনের জল্পনা তাদের কষ্ট দিয়েছে। তারা বলেন, পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের জায়গা থেকে দুজন আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন এবং বিষয়টি ব্যক্তিগতভাবে সামাল দেওয়ার জন্য সময় চাইছেন।
এ সময় তাদের সম্পর্ক নিয়ে ছড়ানো বিভিন্ন গুজব ও ভিত্তিহীন গল্পেরও সমালোচনা করেন এই দম্পতি। তাদের ভাষ্য, বাস্তবতার সঙ্গে মিল নেই—এমন অনেক তথ্য প্রচার করা হচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
তারা আরও জানান, এই কঠিন সময়টিকে গোপনীয়তার মধ্য দিয়ে পার করতে চান এবং ভবিষ্যতেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। একই সঙ্গে ভক্ত ও সংবাদমাধ্যমের প্রতি ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর অনুরোধও করেন তারা।
প্রসঙ্গত, ২০১৯ সালে দুবাইয়ে এক অনুষ্ঠানে পরিচয়ের পর সম্পর্ক শুরু হয় মৌনি ও সুরজের। পরে ২০২২ সালের জানুয়ারিতে গোয়ায় পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। মালয়ালি ও বাঙালি—দুই সংস্কৃতিতেই তাদের বিয়ের অনুষ্ঠান হয়েছিল।
এসআর