[email protected] শুক্রবার, ১৫ মে ২০২৬
১ জ্যৈষ্ঠ ১৪৩৩

শারীরিক জটিলতায় স্থগিত কারিনা কায়সারের লিভার ট্রান্সপ্লান্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মে ২০২৬ ৮:০৪ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশের অভিনেত্রী ও কনটেন্ট নির্মাতা কারিনা কায়সার বর্তমানে ভারতের চেন্নাইয়ে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

শারীরিক অবস্থার অবনতি এবং একাধিক জটিলতার কারণে আপাতত তার লিভার প্রতিস্থাপন করা যাচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা।


বর্তমানে তিনি ভেলোরের খ্রিষ্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, ফুসফুসে সংক্রমণ, অতিরিক্ত তরল ও কফ জমে থাকার পাশাপাশি লিভারেও ভাইরাল ইনফেকশন ধরা পড়েছে। তাই অস্ত্রোপচারের আগে তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল করা জরুরি।


কারিনার মা লোপা কায়সার জানান, এই মুহূর্তে বড় ধরনের অস্ত্রোপচার সহ্য করার মতো শারীরিক সক্ষমতা তার মেয়ের নেই। চিকিৎসকরা প্রথমে সংক্রমণ নিয়ন্ত্রণে এনে শ্বাসপ্রশ্বাসের অবস্থার উন্নতি করার চেষ্টা করছেন। এরপর লিভার প্রতিস্থাপনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


তিনি আরও জানান, বাংলাদেশ থেকে ভারতে নেওয়ার সময় কারিনার শারীরিক অবস্থা বেশ সংকটাপন্ন ছিল। দেশে চিকিৎসাধীন অবস্থায় তাকে ৬০ শতাংশ অক্সিজেন সাপোর্টে রাখা হলেও ভারতে পৌঁছানোর পর অক্সিজেনের মাত্রা বাড়িয়ে ৯০ শতাংশ পর্যন্ত দিতে হয়েছে। একপর্যায়ে স্থানান্তরের সময় তার রক্তচাপও হঠাৎ কমে যায়, তবে দ্রুত চিকিৎসা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়।


বর্তমানে চেন্নাইয়ে কারিনার সঙ্গে রয়েছেন তার মা ও দুই ভাই। চিকিৎসকরা জানিয়েছেন, প্রয়োজন হলে পরিবারের সদস্যদের মধ্য থেকে সম্ভাব্য লিভার ডোনার বিবেচনা করা হতে পারে। এ ক্ষেত্রে তার ছোট ভাই সাদাত হামিদের রক্তের গ্রুপ মিল থাকায় তাকে উপযুক্ত হিসেবে দেখা হচ্ছে।


গত ৮ মে থেকে লিভারের জটিলতায় লাইফ সাপোর্টে ছিলেন কারিনা কায়সার। পরে অবস্থার আরও অবনতি হলে ১২ মে রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে চেন্নাই নেওয়া হয়।

এসআর

সম্পর্কিত খবর