বলিউড অভিনেত্রী আলিয়া ভাট তার ক্যারিয়ারের শুরুর দিকে বিমানবন্দরে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন বলে জানিয়েছেন তার সাবেক ব্যক্তিগত নিরাপত্তারক্ষী জিশান কোরেশি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জিশান জানান, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ মুক্তির
পরপরই ইমিগ্রেশন শেষে একলা দাঁড়িয়ে থাকা অবস্থায় আলিয়াকে ঘিরে ধরেন সেখানে দায়িত্বরত কর্মী ও কাস্টমস কর্মকর্তারা। আলিয়ার সিকিউরিটি টিম তখনও লাইনে থাকায় এই সুযোগে উপস্থিত লোকজন ছবি তোলার জন্য তার ওপর প্রায় গায়ের ওপর পড়ে যান।
জিশান কোরেশির বর্ণনা অনুযায়ী, ভিড়ের মধ্যে অনেকেই আলিয়ার কাঁধে ও গলায় হাত দিয়ে সেলফি তোলার চেষ্টা করলে অভিনেত্রী ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন। পরিস্থিতি বেগতিক দেখে জিশান দ্রুত নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে সেখানে পৌঁছান এবং আলিয়াকে উদ্ধার করেন।
শিক্ষিত হয়েও এয়ারপোর্ট কর্মীদের এমন অশোভন আচরণে ক্ষোভ প্রকাশ করে জিশান তখন তাদের সতর্ক করে দেন। এই ঘটনাটি মূলত তারকাদের ব্যক্তিগত নিরাপত্তা এবং সাধারণ মানুষের আচরণের সীমারেখা নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।
এসআর