চলচ্চিত্র প্রযোজনার নামে বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়।
প্রায় ১৩ কোটির বেশি টাকা প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় শনিবার (১৮ এপ্রিল) তাকে আটক করে পুলিশ।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, ভুক্তভোগী মিজানুর রহমানের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি এখনও তদন্তাধীন রয়েছে এবং সংশ্লিষ্ট আর্থিক লেনদেন যাচাই করা হচ্ছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, চলচ্চিত্র প্রযোজনার ব্যবসার কথা বলে বিভিন্ন সময়ে নগদ অর্থ, ব্যাংক লেনদেন এবং মোবাইল ফাইন্যান্সিংয়ের মাধ্যমে ভুক্তভোগীর কাছ থেকে মোট ১৩ কোটি ২০ লাখ টাকার বেশি গ্রহণ করেন অভিযুক্ত। তবে দীর্ঘ সময় পার হলেও তিনি অর্থ ফেরত দেননি বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী মিজানুর রহমান দাবি করেন, ব্যক্তিগত পরিচয়ের কারণে বিশ্বাস করে তিনি এই অর্থ দেন, কিন্তু পরে নানা অজুহাতে টাকা ফেরত না দিয়ে উল্টো ভয়ভীতি দেখানো হয়।
এদিকে এ বিষয়ে প্রতিক্রিয়ায় পূজা চেরি জানান, মামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, বিষয়টি পুরোপুরি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং আদালতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
এসআর