[email protected] বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
২ বৈশাখ ১৪৩৩

টালিউডের ‘ব্যান কালচার’ বিতর্কে দেবের পাশে প্রসেনজিৎ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬ ৫:৩৩ পিএম

সংগৃহীত ছবি

টালিউডে দীর্ঘদিনের ‘ব্যান কালচার’ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে জনপ্রিয় অভিনেতা দেব-এর বক্তব্যকে কেন্দ্র করে।

সম্প্রতি তিনি ৭২ ঘণ্টার মধ্যে এই সংস্কৃতি তুলে দেওয়ার আহ্বান জানিয়ে শিল্পী মহলে আলোড়ন সৃষ্টি করেন।


এই প্রেক্ষাপটে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেবের অবস্থানকে সমর্থন জানিয়েছেন। এক বৈঠক শেষে তিনি বলেন, দেবের চিন্তাধারার সঙ্গে তিনি একমত হলেও এত স্বল্প সময়ে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করা তাঁর পক্ষে সম্ভব নয়।


প্রসেনজিৎ স্পষ্ট করেন, অভিনেতা রাহুল-এর অস্বাভাবিক মৃত্যু এবং ‘ব্যান কালচার’—এই দুটি বিষয় আলাদা। তিনি জানান, রাহুলের মৃত্যুর কারণ খুঁজে বের করা এবং শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে তারা একত্রিত হয়েছিলেন।


তিনি আরও বলেন, দেবের সঙ্গে এ বিষয়ে তাঁর আলোচনা হয়েছে এবং বিষয়টি কিছুটা সময় নিয়ে সামনে আনা উচিত ছিল বলে তিনি মনে করেন। ৭২ ঘণ্টার আল্টিমেটাম প্রসঙ্গে তিনি জানান, এমন চ্যালেঞ্জ গ্রহণ বা দেওয়ার মতো অবস্থানে তিনি নেই।


তবে ‘ব্যান কালচার’ বন্ধের পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে প্রসেনজিৎ বলেন, শুধু অনির্বাণ ভট্টাচার্য নন, ঋদ্ধি সেন-সহ আরও যেসব শিল্পী নিষেধাজ্ঞার মধ্যে আছেন, তাঁদের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত প্রযোজ্য হওয়া উচিত।


একইসঙ্গে দীর্ঘদিন কারও সঙ্গে কাজ না করার প্রবণতাকেও তিনি সমর্থন করেন না। তবে আসন্ন নির্বাচন পরিস্থিতির কারণে দ্রুত কোনো সমাধান আসা কঠিন বলেও মত দেন এই বর্ষীয়ান অভিনেতা।

এসআর

সম্পর্কিত খবর