সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
বাগেরহাটে হজরত খানজাহান (রহ.) এর মাজারসংলগ্ন দিঘিতে একটি কুকুর কুমিরের মুখে পড়ার দৃশ্য ভাইরাল হওয়ার পর প্রাণী অধিকার ও মানবিকতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
ঘটনাটি নিয়ে শোবিজ অঙ্গনের বিভিন্ন তারকা প্রতিক্রিয়া জানিয়েছেন। অভিনেত্রী জয়া আহসান সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেন, বিনোদন বা কনটেন্ট তৈরির জন্য কোনো প্রাণীর এমন পরিণতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
অভিনেত্রী দীপা খন্দকার সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ঘটনাটিকে ‘ভয়াবহ’ বলে মন্তব্য করেছেন। অন্যদিকে অভিনেতা ইরফান সাজ্জাদ লিখেছেন, দেশের চেয়ে মানুষের আচরণই বড় সমস্যা—এবং মানসিকতার পরিবর্তন জরুরি।
গায়ক তানজীব সারোয়ার আবেগঘন প্রতিক্রিয়ায় বলেন, শেষ মুহূর্ত পর্যন্ত কুকুরটি মানুষের ওপর ভরসা রেখেছিল; এখানে কুমিরের নয়, দায় মানুষের নিষ্ঠুরতার।
এদিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিনেতা নিলয় আলমগীর। চলচ্চিত্র পরিচালক অং রাখাইন সামাজিক অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
তবে প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে কিছুটা ভিন্ন চিত্র উঠে এসেছে। মাজারসংলগ্ন এক দোকানি দাবি করেন, কুকুরটি আগে কয়েকজনকে আক্রমণ করেছিল এবং একটি শিশুকেও কামড় দেয়। পরে সেটি পানিতে পড়ে গেলে কুমির ধরে নিয়ে যায়।
মাজারের নিরাপত্তাকর্মীও জানান, আত্মরক্ষার চেষ্টার সময় কুকুরটি পানিতে পড়ে যায় এবং দিঘিতে থাকা কুমির সেটিকে টেনে নেয়।
অন্যদিকে মাজারের প্রধান খাদেম ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করে জানান, সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর ব্যাখ্যা ছড়ানো হচ্ছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো ঘটনার সত্যতা যাচাইয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে গঠিত এই কমিটি দ্রুত প্রতিবেদন দেবে বলে আশা করা হচ্ছে।
এসআর