[email protected] শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
২৬ চৈত্র ১৪৩২

বলিউডের সুযোগ ফিরিয়েছিলেন বিপাশা হায়াত, জানালেন কারণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬ ৭:৫০ পিএম

সংগৃহীত ছবি

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনয়শিল্পীদের মধ্যে অন্যতম বিপাশা হায়াত, যিনি মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে সমান দক্ষতায় দর্শকদের মুগ্ধ করেছেন।

অভিনয়ের পাশাপাশি নাট্যকার ও চিত্রশিল্পী হিসেবেও নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছেন তিনি। বর্তমানে বেশিরভাগ সময়ই তিনি শিল্পচর্চায় ব্যস্ত থাকেন এবং সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন।


সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে অভিনয়জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন এই অভিনেত্রী। সেখানে ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের প্রস্তাব এবং বলিউডে কাজের সুযোগ নিয়ে প্রশ্ন করা হলে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।


বিপাশা জানান, বলিউড থেকে প্রস্তাবটি এসেছিল তার ক্যারিয়ারের কিছুটা পরে। তবে সেটি ছিল একটি পার্শ্ব চরিত্রের জন্য। সিনেমার নাম মনে না থাকলেও যিনি যোগাযোগ করেছিলেন, তার নম্বর এখনো সংরক্ষিত আছে এবং কয়েকবার কথাবার্তাও হয়েছে বলে জানান তিনি।


প্রস্তাবটি প্রত্যাখ্যানের কারণ হিসেবে বিপাশা বলেন, দেশের দর্শকদের প্রতি তার দায়বদ্ধতাই ছিল প্রধান বিষয়। তিনি মনে করেছিলেন, শুধু বলিউডে কাজ করার জন্য যেকোনো চরিত্র গ্রহণ করা ঠিক হবে না। নিজের দেশের দর্শকদের ভালোবাসার মর্যাদা রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।


একসময় ছোট পর্দার নিয়মিত মুখ হলেও এখন অভিনয়ে খুব একটা দেখা যায় না তাকে। এ বিষয়ে আগে তিনি জানিয়েছিলেন, অভিনয়ের প্রতি ভালোবাসা থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে বাণিজ্যিক চাপ বেড়ে যাওয়ায় তিনি কিছুটা সরে আসেন। তার মতে, শিল্পচর্চার ক্ষেত্রে অতিরিক্ত আপসের প্রবণতা বেড়ে গেছে।
এ কারণেই তিনি ধীরে ধীরে চিত্রকলার দিকে বেশি মনোযোগ দেন। তার ভাষায়, শিল্পচর্চা পূর্ণ মনোযোগ দাবি করে—আর সেই পথেই নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেছেন তিনি।

এসআর

সম্পর্কিত খবর