দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এ লক্ষ্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
সোমবার (১১ মে) জারি করা নির্দেশনায় উপসচিব রাজীব কুমার সরকার স্বাক্ষর করেন। এতে উল্লেখ করা হয়, সম্প্রতি বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের সময় অনেক স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি ও অব্যবস্থাপনার চিত্র দেখা গেছে।
এসব কারণে বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষা কার্যক্রম নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে বলে মনে করছে মন্ত্রণালয়।
নির্দেশনায় বিদ্যালয় প্রাঙ্গণ নিয়মিত পরিষ্কার রাখা, ভবনের ছাদে জমে থাকা ময়লা অপসারণ এবং কার্নিশে জন্মানো আগাছা পরিষ্কারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি স্থাপনার সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে।
এসআর