ইসলামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত তিনদিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শেষ হয়েছে উৎসবমুখর পরিবেশে।
প্রতিযোগিতাজুড়ে ছিল অংশগ্রহণকারীদের প্রাণচাঞ্চল্য, প্রতিদ্বন্দ্বিতা ও পারস্পরিক সম্প্রীতির ছাপ।
বুধবার (৬ মে) অ্যাথলেটিক্স (ছাত্র-ছাত্রী) ও বাস্কেটবল (ছাত্র) ইভেন্টের সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের পরিসমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
একই সঙ্গে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোকে সম্মাননা দেওয়া হয়।
এর আগে ৪ মে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
দেশের ২১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নিয়ে বিভিন্ন অ্যাথলেটিক্স ইভেন্ট ও বাস্কেটবল খেলায় নিজেদের দক্ষতা প্রদর্শন করেন।
সমাপনী দিনে পুরুষদের বাস্কেটবল ফাইনালে স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ৮৪-৩৮ পয়েন্টে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে হারিয়ে শিরোপা জিতে নেয়।
শুরু থেকেই নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক খেলায় এগিয়ে থাকা ইবি দল শেষ পর্যন্ত ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করে।
জয়ের পর খেলোয়াড়দের উচ্ছ্বাসে মাঠ ভরে ওঠে। দর্শকদের করতালি ও সমর্থনে পরিবেশ হয়ে ওঠে আরও প্রাণবন্ত।
আয়োজকরা জানান, এমন আয়োজন শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্পর্ক জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।।
এসআর