জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও আধুনিক করতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে চালু করা হয়েছে ‘লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম’।
বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর সংলগ্ন এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
ছাত্রদল সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে এ প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে।
ভবিষ্যতে ধাপে ধাপে সব বাসকে এ ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
নতুন এ ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা মোবাইল ফোন ব্যবহার করে বাসের অবস্থান তাৎক্ষণিকভাবে জানতে পারবেন।
পাশাপাশি বাস কোন সময় নির্দিষ্ট স্টপেজে পৌঁছাবে কিংবা বিলম্ব হলে সে সংক্রান্ত তথ্যও নোটিফিকেশনের মাধ্যমে পাওয়া যাবে।
এতে শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনা আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাহিদার প্রেক্ষিতে বাস সেবাকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, বিভিন্ন প্রয়োজনে শিক্ষার্থীদের ঢাকায় যাতায়াত করতে হয় এবং ফেরার সময় বাসের অবস্থান সম্পর্কে অনিশ্চয়তার কারণে অনেক ভোগান্তি পোহাতে হয়।
সেই বিষয়টি বিবেচনায় নিয়েই পাইলট প্রকল্প হিসেবে দুটি বাসে ট্র্যাকিং ডিভাইস স্থাপন করা হয়েছে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতে সব বাসে এ প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, পরীক্ষামূলক এ উদ্যোগ সফল হলে পর্যায়ক্রমে পুরো পরিবহন ব্যবস্থাকে ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনা হবে।
এতে শিক্ষার্থীরা যাতায়াতে আরও স্বস্তি পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, শিক্ষার্থীদের যাতায়াতজনিত সমস্যা কমাতে প্রযুক্তিনির্ভর এমন উদ্যোগ সময়োপযোগী।
তিনি বলেন, এ ধরনের সেবা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব হলেও শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রদলের এ উদ্যোগ প্রশংসার দাবিদার।
তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে এ ধরনের উদ্ভাবনী কার্যক্রমকে স্বাগত জানান।
এসআর