শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও বিচারহীনতার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
পরে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে ফিরে আসে।
কর্মসূচিতে নিহত হাদির পরিবারের সদস্যরাও অংশ নেন। উপস্থিত ছিলেন তার ছোট বোন শরীফ মাসুমা হাদি ও ভগ্নীপতি মো. আমির হোসেন হাওলাদার।
মানববন্ধনে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ইফতেখার সায়েম।
তিনি বলেন, প্রকাশ্যে হত্যাকাণ্ডের এত সময় পেরিয়ে গেলেও এখনো বিচার কার্যক্রম দৃশ্যমান অগ্রগতি পায়নি।
এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, দেশে আলোচিত বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার দীর্ঘসূত্রতায় আটকে থাকায় সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি হচ্ছে।
বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে রাষ্ট্রকে কার্যকর ভূমিকা নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় হাদির বোন মাসুমা হাদি বলেন, তারা শুধুমাত্র শোক প্রকাশ করতে আসেননি; ন্যায়বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যেতে এসেছেন।
তার ভাষ্য, ওসমান হাদি সবসময় মানুষের ন্যায্য অধিকার ও ইনসাফের পক্ষে ছিলেন, তাই তার হত্যার বিচারও দ্রুত হওয়া উচিত।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
এসআর